বিনোদন ঝলক
সিনেমা

সৌরভ গাঙ্গুলীর মামলা সত্ত্বেও আটকাল না ‘দুসরা’র মুক্তি: ২০০২-এর সেই জার্সি-ওড়ানো মুহূর্ত ঘিরে আইনি লড়াই

বিনোদন ঝলক ডেস্ক২৩ অক্টোবর ২০২৬2 মিনিটে পড়ুন
সৌরভ গাঙ্গুলীর মামলা ও ‘দুসরা’র মুক্তি নিয়ে নিজস্ব গ্রাফিক
ছবি: বিনোদন ঝলক

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর আইনি আপত্তি সত্ত্বেও ‘দুসরা’ সিনেমার মুক্তি স্থগিত করেনি দিল্লি হাইকোর্ট। বিচারপতি দীনেশ ভাট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ছবির মুক্তির ওপর এখনই কোনো স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না। অর্থাৎ নির্ধারিত দিনে, শুক্রবার ২৩ অক্টোবরই সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘দুসরা’। তবে মামলার শুনানি চলবে, শুক্রবারই পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।

সৌরভের মূল অভিযোগ ছিল তার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ‘দুসরা’ সিনেমায় সৌরভের নাম, ব্যক্তিত্ব ও ক্রিকেট ক্যারিয়ারের কিছু স্মরণীয় মুহূর্ত অনুমতি ছাড়া বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। তার ও প্রযোজনা সংস্থা লভ ফিল্মসের আশঙ্কা, ছবির প্রচার দেখে সাধারণ দর্শকদের মনে হতে পারে যে ‘দুসরা’র সঙ্গে সৌরভ সরাসরি যুক্ত বা তার সম্মতিতেই ছবিটি তৈরি হয়েছে।

সৌরভের এই আপত্তির কেন্দ্রে রয়েছে ২০০২ সালের সেই ঐতিহাসিক ন্যাটওয়েস্ট সিরিজের ফাইনাল। ইংল্যান্ডকে হারানোর পর লর্ডসের ব্যালকনিতে সৌরভের জার্সি ওড়ানোর দৃশ্য ভারতীয় ক্রিকেটের ইতিহাসের অন্যতম আইকনিক মুহূর্ত। সেই উদযাপনকে কেন্দ্র করেই তৈরি হয়েছে ‘দুসরা’। সৌরভের দাবি, তার অনুমতি ছাড়াই ছবির মাধ্যমে তার জীবনের এই বিষয়গুলোকে বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে।

তবে ছবির নির্মাতাদের যুক্তি সম্পূর্ণ আলাদা। আদালতে তাদের আইনজীবী জানিয়েছেন, এটি মোটেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নয়। এই ছবির গল্প আবর্তিত হয়েছে রাজস্থানের এক কিশোরী তারাকে ঘিরে। রক্ষণশীল পরিবারের নিয়মকানুনের বেড়াজাল ভেঙে বেরোনোর সাহস সে পায় সৌরভের ওই লর্ডসের উদযাপন দেখেই। শুধু তাই নয়, নির্মাতারা জানিয়েছেন, ন্যাটওয়েস্ট সিরিজের ওই বিশেষ ফুটেজ ব্যবহারের জন্য তারা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআইয়ের কাছ থেকে আগেই লাইসেন্স নিয়েছেন। তাই ওই ফুটেজের ওপর ব্যক্তিগত কোনো অধিকার সাবেক অধিনায়কের নেই বলে তাদের দাবি।

এই মামলার পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ রয়েছে। ২০২১ সালের আগস্ট মাসে লভ ফিল্মসের সঙ্গে সৌরভের একটি চুক্তি হয়। আগামী ১৪ মে, ২০২৭ সালে এই সংস্থার প্রযোজনাতেই মুক্তি পাওয়ার কথা সৌরভের অফিশিয়াল বায়োপিক ‘দাদা, দ্য সৌরভ গঙ্গোপাধ্যায় স্টোরি’। সেই কারণেই অন্য একটি ছবিতে তার জীবনের ছোঁয়া থাকায় ‘দুসরা’র ট্রেলার ও প্রচার নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিলেন তারা।

সব পক্ষের যুক্তি শোনার পর আদালত আপাতত ছবির মুক্তিতে বাধা দেয়নি। অভিনব দেও পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্লবিতা বোরঠাকুর। সঙ্গে রয়েছেন অঙ্কুর বিকল, সমিধা গুরুর মতো অভিনেতারা। মহারাজের বায়োপিক মুক্তির আগেই তাকে নিয়ে তৈরি অন্য একটি ছবি ঘিরে আলোচনা এখন তুঙ্গে।

এই মামলা ভারতীয় ক্রীড়া ও বিনোদন জগতে এক নতুন আইনি চর্চার জন্ম দিয়েছে। চলচ্চিত্র নির্মাতারা কোনো খ্যাতনামা খেলোয়াড় বা ব্যক্তিত্বের জীবন, অর্জন ও ঐতিহাসিক মুহূর্তগুলোকে কতখানি স্বাধীনতা নিয়ে সিনেমার গল্পে ব্যবহার করতে পারেন, আর তা কখন স্বত্ব লঙ্ঘনের আওতায় পড়বে, তা নিয়ে আদালত এখন বিচারবিবেচনা করছে। শুক্রবারের পরবর্তী শুনানিতে কী হয়, সেদিকেই এখন নজর ক্রীড়া ও বিনোদনপ্রেমীদের।

সূত্র

ফেসবুকে শেয়ার এক্সে শেয়ার হোয়াটসঅ্যাপে শেয়ার