প্রতিশোধের তালিকা শেষ হয়েছে, কিন্তু লড়াই শেষ হয়নি। চার বছরের বেশি সময় পর জেমস রিসের চরিত্রে ফিরছেন ক্রিস প্র্যাট। 'দ্য টার্মিনাল লিস্ট'-এর দ্বিতীয় মৌসুম আজ, বুধবার প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে, আর একসঙ্গেই দেখা যাবে আটটি পর্ব।
এবারের গল্প সাজানো হয়েছে মার্কিন লেখক জ্যাক কারের 'ট্রু বিলিভার' উপন্যাস অবলম্বনে। জেমস রিসকে নিয়ে লেখা উপন্যাস সিরিজের দ্বিতীয় বই এটি। পরিবার ও সহযোদ্ধাদের হত্যার প্রতিশোধ নেওয়ার পর আফ্রিকার দেশ মোজাম্বিকে আশ্রয় নিয়েছেন রিস। পরিচিত জীবন থেকে দূরে থাকা এই মানুষটির সামনে তখন নতুন করে বাঁচার প্রশ্ন। কিন্তু পশ্চিমা বিশ্বে একের পর এক সন্ত্রাসী হামলা ঘটতে থাকলে তাঁকে আবার অভিযানে ফেরাতে চায় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। প্রাইম ভিডিওর কাহিনি সংক্ষেপ বলছে, এবারের ষড়যন্ত্রের সূত্র ছড়িয়ে থাকবে মস্কো থেকে সিআইএর সদর দপ্তর ল্যাংলি পর্যন্ত, আর এর সঙ্গে জড়িয়ে আছে রিসের নিজের পরিবারের অতীতও। ফলে নতুন অভিযান শুধু বাইরের শত্রু খোঁজার মধ্যে সীমাবদ্ধ থাকছে না, পরিবারের অতীতের মুখোমুখিও হতে হবে তাঁকে। ভারত মহাসাগর থেকে আফ্রিকা, মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপে এগোবে গল্প।
প্রথম মৌসুম মুক্তি পেয়েছিল ২০২২ সালের জুলাইয়ে। জ্যাক কারের একই নামের উপন্যাস অবলম্বনে তৈরি সিরিজে দেখা গিয়েছিল, গোপন এক সামরিক অভিযানে জেমস রিসের দল অতর্কিত হামলার শিকার হয়। সহযোদ্ধাদের হারিয়ে ফেরার পরও সেই অভিযানের স্মৃতি তাঁকে তাড়া করতে থাকে। সত্যের সন্ধানে নেমে তিনি বুঝতে পারেন, বিপদ শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই। এরপর স্ত্রী ও কন্যার হত্যার ঘটনা তাঁকে নামিয়ে দেয় প্রতিশোধের লড়াইয়ে। একে একে খুঁজে বের করতে থাকেন ষড়যন্ত্রে জড়িত ব্যক্তিদের।
জেমস রিস চরিত্রে ক্রিস প্র্যাটের পাশাপাশি সাংবাদিক কেটি বুরানেক চরিত্রে ফিরছেন কনস্ট্যান্স উ। আরও থাকছেন টম হপার, দার সেলিম ও লুক হেমসওয়ার্থ। নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন গ্যাব্রিয়েল লুনা, ওলগা কুরিলেঙ্কো, কোস্টা রোনিন ও আর্নল্ড ভসলো। গ্যাব্রিয়েল লুনাকে দেখা যাবে ফ্রেডি স্ট্রেইন চরিত্রে।
সিরিজটির স্রষ্টা ডেভিড ডিজিলিও, নতুন মৌসুমের নির্মাণের সার্বিক তত্ত্বাবধানেও আছেন তিনি। অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করছেন প্র্যাট। অন্য নির্বাহী প্রযোজকদের মধ্যে রয়েছেন ডিজিলিও, জ্যাক কার ও অঁতোয়ান ফুকুয়া। প্রযোজনায় আছে অ্যামাজন এমজিএম স্টুডিওস, এমআরসি ও সিভিক সেন্টার মিডিয়া। সামরিক অভিযানের দৃশ্য বিশ্বাসযোগ্য করে তুলতে বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েছেন নির্মাতারা। মূল উপন্যাসের লেখক জ্যাক কার নিজেই নেভি সিলের সাবেক সদস্য। নির্মাণে যুক্ত আছেন সাবেক নেভি সিল সদস্য জ্যারেড শ ও সাবেক আর্মি রেঞ্জার ম্যাক্স অ্যাডামস।
দুই মৌসুমের মাঝখানে এসেছে 'দ্য টার্মিনাল লিস্ট: ডার্ক উলফ'। এটি একই গল্পজগতের প্রিকুয়েল, অর্থাৎ মূল সিরিজের আগের সময়ের ঘটনা নিয়ে তৈরি। বেন এডওয়ার্ডস চরিত্রকে কেন্দ্রে রেখে তাঁর সামরিক ও গোয়েন্দা জীবনের পটভূমি তুলে ধরা হয়েছে সেখানে। চরিত্রটিতে অভিনয় করেছেন টেলর কিটশ। নতুন মৌসুম দেখার আগে প্রথম মৌসুমের পাশাপাশি এই সিরিজটিও দেখা যাবে প্রাইম ভিডিওতে।
নতুন মৌসুম দেখা যাবে শুধু প্রাইম ভিডিওতে। বাংলাদেশ থেকেও প্রাইম ভিডিওর অ্যাপ বা ওয়েবসাইটে সাবস্ক্রিপশন নিয়ে আটটি পর্ব একসঙ্গে দেখা যাবে। যাঁরা প্রথম মৌসুম দেখেননি, তাঁরা চাইলে একই প্ল্যাটফর্মে আগের মৌসুম ও 'ডার্ক উলফ' দেখে নিতে পারেন।
মনস্তাত্ত্বিক প্রতিশোধের গল্প থেকে এবার বিস্তৃত হচ্ছে আন্তর্জাতিক গুপ্তচরবৃত্তির জগতে। সামরিক অভিযান, গোয়েন্দা তৎপরতা আর ষড়যন্ত্রের গল্প যাঁদের পছন্দ, তাঁদের জন্য নতুন মৌসুমে আগ্রহের উপাদান থাকছে। প্রতিশোধের তালিকা মেলানোর পর জীবন জেমস রিসকে কোথায় নিয়ে যায়, সেই প্রশ্নের উত্তর নিয়েই শুরু হচ্ছে 'দ্য টার্মিনাল লিস্ট'-এর নতুন অধ্যায়।
