দুর্গাপূজা উপলক্ষে একসঙ্গে তিনটি দেশীয় সিনেমা মুক্তির ঘটনা ঢালিউডের জন্য ইতিবাচক বার্তা ছিল। কিন্তু মুক্তির প্রথম সপ্তাহ পেরোতে না পেরোতেই প্রেক্ষাগৃহের চিত্র বলছে ভিন্ন কথা। নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গল্প নিয়ে নির্মিত 'চিরকুট' মোটামুটি দর্শক টানতে পারলেও 'কাট-পিস' ও 'স্নেহের বন্ধন' দর্শক-খরায় ভুগছে। কোথাও তৃতীয় দিনেই সিনেমা সরিয়ে নেওয়া হয়েছে, কোথাও ৩১৬ আসনের হলে প্রতিটি শোতে দশটির বেশি টিকিট বিক্রি হয়নি।
১৬ অক্টোবর, পূজার ষষ্ঠীর দিন মুক্তি পেয়েছিল তিনটি সিনেমা। মুনতাসির আকিব পরিচালিত 'চিরকুট' নির্মিত হয়েছে নব্বইয়ের দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে। এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, কাজী নওশাবা আহমেদসহ অনেকে। ইফফাত জাহান মমোর প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা 'কাট-পিস'-এর গল্প মিরপুরের ঝুটপট্টিকে কেন্দ্র করে, প্রধান চরিত্রে শিফাত আমিন শুভ ও রাফাহ নানজেবা তোরসা। আর কামরুজ্জামান পরিচালিত 'স্নেহের বন্ধন' যৌথ পরিবারের গল্প নিয়ে নির্মিত, অভিনয়ে জয় চৌধুরী, মৌ খান, শিবা শানু, কাজী হায়াৎসহ অনেকে।
তিনটির মধ্যে তুলনামূলক ভালো অবস্থানে 'চিরকুট'। রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্সে ছবিটি মোটামুটি দর্শক পাচ্ছে। প্রেক্ষাগৃহটির ব্র্যান্ডিং ও ডিজিটাল বিভাগের দায়িত্বে থাকা মেহেদী হাসান জানান, প্রতিদিন ৩০ থেকে ৪০ শতাংশ দর্শক থাকছেন। তাঁর আশা, আগামী শুক্রবার এই হার ৭০ শতাংশে পৌঁছাতে পারে। তাঁর ভাষায়, রাজশাহী অঞ্চলের গল্প হওয়ায় এখানকার মানুষের মধ্যে আলাদা আবেগ কাজ করছে।
তবে একই প্রেক্ষাগৃহে 'কাট-পিস'-এর ভাগ্য ভিন্ন। মেহেদী হাসান জানান, মুক্তির তৃতীয় দিনেই 'কাট-পিস' সরিয়ে নিতে হয়েছে। অর্থাৎ দর্শক না পাওয়ায় তিন দিনের মাথায় শো বন্ধ করে দিতে বাধ্য হয়েছে হল কর্তৃপক্ষ।
ঢাকায় 'চিরকুট' দেখতে গিয়ে মিশ্র অভিজ্ঞতার কথা জানালেন ষাটোর্ধ্ব দর্শক আরিফুর নাহার। নিয়মিত প্রেক্ষাগৃহে সিনেমা দেখেন তিনি। রোববার তিন বন্ধুর সঙ্গে পান্থপথের স্টার সিনেপ্লেক্সে হলিউডের 'স্ট্রিট ফাইটার' দেখতে গিয়েছিলেন, কিন্তু সেখানে বাংলাদেশি সিনেমা 'চিরকুট' চলছে দেখে শেষ পর্যন্ত সেটিই দেখেন। তবে ছবি দেখে তাঁর মন ভরেনি। তিনি বলেন, 'ছবি দেখি, কিন্তু মন তো ভরে না।' মুক্তির আগে পরিকল্পিত প্রচারণা থাকা জরুরি বলে মনে করেন তিনি।
অন্যদিকে উত্তরার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তন্ময় হাসান 'চিরকুট' দেখে সন্তুষ্ট। হলিউড ও কোরীয় সিনেমার পাশাপাশি বাংলাদেশের ছবিও নিয়মিত দেখেন তিনি। দুই বন্ধুর সঙ্গে সোমবার সেন্টার পয়েন্টে ছবিটি দেখেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলেন তিনি, কয়েকবার বেড়াতেও গেছেন। ফেসবুকে 'রাজশাহীর গল্প এবার বড় পর্দায়' প্রচারণাটি দেখেই সিনেমাটি দেখার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, 'তুলনা করতে চাই না, তবে ছবিটিতে ভালো হওয়ার মতো অনেক কিছুই ছিল। আমার মনে হয়েছে, দেখা যেতে পারে।'
'কাট-পিস'-এর সবচেয়ে করুণ চিত্র ঢাকার শ্যামলী সিনেমা হলে। হলটির ব্যবস্থাপক আহসান উল্লাহ জানান, সেখানে ছবিটির প্রতিদিন চারটি প্রদর্শনী চলছে। কিন্তু ৩১৬ আসনের প্রেক্ষাগৃহটিতে প্রতিটি প্রদর্শনীতে এখন পর্যন্ত ১০টির বেশি টিকিট বিক্রি হয়নি। তাঁর ভাষায়, 'হাতে সিনেমা নেই বলে চালাতে হচ্ছে।' ভালো সিনেমার দর্শক আছেন বলে মনে করেন তিনি, তবে যাঁরা সিনেমা বানান, তাঁদেরও দর্শকের রুচি ও চাহিদা বুঝতে হবে।
'স্নেহের বন্ধন'-এর অবস্থাও ভালো নয়। ঢাকার কেরানীগঞ্জের লায়ন সিনেমাসের প্রতিষ্ঠাতা মির্জা আবদুল খালেক জানান, 'স্নেহের বন্ধন' ও 'কাট-পিস' দেখতে দর্শক উপস্থিতি খুবই কম। মোট আসনসংখ্যার ১০ শতাংশও পূরণ হচ্ছে না। তাঁর পর্যবেক্ষণ, মুক্তির পর দিন যত যাচ্ছে, দর্শক উপস্থিতি তত কমছে। এর আগে মুক্তির শুরুর দিকে ছবিটির একটি শোয়ের বিক্রি হওয়া ৩৭টি টিকিটের ৩৫টিই সিনেমার নিজস্ব টিমের কেনা বলে খবর প্রকাশিত হয়েছিল।
প্রায় সবার মুখেই এখন একই অভিযোগ, প্রচারণার ঘাটতি। 'চিরকুট'-এর ক্ষেত্রে রাজশাহীর হল কর্তা মেহেদী হাসান বলেন, 'প্রচারণা আরও বেশি দরকার ছিল। পরিচিত অনেক মুখ থাকলেও তাঁদের দিয়ে পোস্টার করা হয়নি।' চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেনও মনে করেন, পূজায় সিনেমা মুক্তি পেলেও সেভাবে কোনো প্রচারণা চোখে পড়েনি। তাঁর ভাষায়, 'সারা বছর ভালো মানের সিনেমা তৈরি হলে দর্শক এমনিতেই হলে আসবে।' কনটেন্টের দিকেও মন দেওয়ার তাগিদ দেন তিনি। তাঁর আরেকটি পর্যবেক্ষণ, এ ধরনের উৎসবে বড় তারকার সিনেমা মুক্তি পেলে অন্য সিনেমাগুলো নিয়েও দর্শকের আগ্রহ তৈরি হয়, এবার সেই সুবিধাটা ছিল না।
একসঙ্গে তিনটি দেশীয় সিনেমা মুক্তি পাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। ঈদ ছাড়া অন্য উৎসবে এতগুলো ছবি একসঙ্গে আসার নজির কম। কিন্তু দর্শক না টানতে পারলে এই ধারা টিকবে না, এমন শঙ্কাও আছে। প্রেক্ষাগৃহ মালিকদের ভাষায়, ভালো সিনেমা আর ঠিকঠাক প্রচারণা, এই দুটো না হলে উৎসবের মুক্তিও দর্শক টানতে পারবে না।
এখন নজর আগামী শুক্রবারের দিকে। রাজশাহীতে 'চিরকুট'-এর দর্শক বাড়ার আশা করছেন হল কর্তৃপক্ষ। অন্যদিকে 'কাট-পিস' ও 'স্নেহের বন্ধন' দ্বিতীয় সপ্তাহে কতগুলো হলে টিকে থাকতে পারে, সেটাই এখন দেখার বিষয়। ২৩ অক্টোবর মুক্তি পাচ্ছে শিক্ষার্থীদের উদ্যোগে নির্মিত 'অন্যপাতা', তখন প্রেক্ষাগৃহের শো ভাগাভাগিতে এই তিন ছবির জায়গা আরও সংকুচিত হতে পারে।
