পর্দায় ফিরছে জনপ্রিয় চরিত্র 'জেমস বন্ড'। নতুন ০০৭ তারকা নির্বাচনের চূড়ান্ত প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী সপ্তাহে স্ক্রিন টেস্ট শুরু করতে যাচ্ছে অ্যামাজন এমজিএম স্টুডিওস।
ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, নতুন বন্ড হওয়ার দৌড়ে এগিয়ে আছেন অভিনেতা ক্যালাম টার্নার ও জ্যাক লোডেন। তবে বিষয়টি নিয়ে প্রযোজনা সংস্থা কিংবা অভিনেতাদের প্রতিনিধিরা কোনো মন্তব্য করেননি।
নতুন জেমস বন্ড ছবিটি পরিচালনা করবেন খ্যাতনামা পরিচালক ডেনিস ভিলেনিউভ। পুরো কাস্টিং ও অডিশন প্রক্রিয়া পরিচালনা করছেন বিখ্যাত কাস্টিং ডিরেক্টর নিনা গোল্ড। চলতি বছরের শেষের আগেই আনুষ্ঠানিকভাবে নতুন বন্ডের নাম ঘোষণা করা হতে পারে।
'স্লো হর্সেস' সিরিজের স্কটিশ তারকা জ্যাক লোডেনের নাম নিয়ে সম্প্রতি জল্পনা তীব্র হয়। সহ-অভিনেতা গ্যারি ওল্ডম্যান ইঙ্গিত দেন যে লোডেন সংক্ষিপ্ত তালিকায় আছেন। তবে এই বিষয়ে লোডেনের স্ত্রী, অভিনেত্রী সায়োরসি রোনান জানান, বন্ড হওয়ার বিষয়টি তাঁদের পারিবারিক আলোচনার বিষয় নয়।
চলতি বছরের শুরু থেকেই বন্ড চরিত্রের জন্য পছন্দের তালিকায় ছিলেন ক্যালাম টার্নার। এমনকি তাঁর স্ত্রী ও জনপ্রিয় গায়িকা দুয়া লিপা বন্ডের থিম সং গাইবেন, এমন গুঞ্জনও ছড়ায়। তবে বার্লিন চলচ্চিত্র উৎসবে এই বিষয়ে প্রশ্ন করা হলে মুচকি হেসে মন্তব্য করতে অস্বীকৃতি জানান টার্নার।
স্ক্রিন টেস্টের ফল আর বছরের শেষ নাগাদ আনুষ্ঠানিক ঘোষণার দিকেই এখন নজর বন্ড-ভক্তদের।
'জেমস বন্ড' বিশ্বের অন্যতম দীর্ঘস্থায়ী চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজি। ড্যানিয়েল ক্রেগের পর নতুন ০০৭ হিসেবে কে আসছেন, তা নিয়ে ভক্তদের মধ্যে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে।
আগামী সপ্তাহের স্ক্রিন টেস্টের পর চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোবে অ্যামাজন এমজিএম স্টুডিওস। চলতি বছরের শেষের আগেই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।
